
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাহাড়ের মাটি অবৈধভাবে কর্তন করে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামীম আহমেদ (৫২), তিনি ওই ইউনিয়নের কাছন মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতকাপন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রির অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে আসছিল।
অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত মো. শামীম আহমেদকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রি পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য এবং স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি। পরিবেশ ধ্বংসকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, অবৈধভাবে পাহাড় কাটা, মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা আইন লঙ্ঘন বরদাশত করা হবে না।





