
রাজিবুল ইসলাম রাজিব, খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার ঘুটুদিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনাগামী ‘জয়তি’ নামের একটি যাত্রীবাহী বাস ঘুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে এলাকাবাসী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, ডুমুরিয়া থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ। পরে পুলিশের ক্রেনের সহায়তায় পুকুর থেকে বাসটি উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন দৈনিক মুখপাত্রকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঘুটুদিয়া এলাকায় খুলনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুবকর জামান জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে একজন নিহত ও সাতজন আহত যাত্রীকে উদ্ধার করেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে বাসটি পানিতে ডুবে যাওয়ায় আরও কেউ নিখোঁজ বা হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, পানির নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





