
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ মহেশপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ (কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিন ম্যালিয়েট যুক্ত সিরাপ) উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২২ মে) আনুমানিক বেলা ১১:২০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর বিওপির একটি চৌকস দল সীমান্ত পিলার-৬৩-এমপি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বাসিন্দা আলমগীর এর বাঁশ বাগানের মধ্যে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। হাবিলদার মোঃ ওয়াহিদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





