
বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় ইয়াবা সেবনের সময় ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। আটক চারজনের মধ্যে কাউসার আহমেদ (১৭) নামে এক কিশোরকে পরে ছেড়ে দেয়া হয়েছে। বাকি তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার আমতলী-তালতলী সড়কের হাতনপাড়া গ্রামের পল্লী বিদ্যুৎ স্টেশনের পূর্ব পাশে মূল সড়কের কালভার্ট সংলগ্ন প্রবাসী আলম হাওলাদারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ওই বাড়ির মালিকের ছেলে আবু বকরও রয়েছে।
আটককৃতরা হলেন— বরগুনার আমলকীতলা গ্রামের মো. নাসির হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম (২৪), বালিয়াতলী গ্রামের জামাল ফকিরের ছেলে রফিকুল ইসলাম ওরফে রবিউল ইসলাম (২০), বর্তমানে তালতলীর নাওভাঙ্গা গ্রামে বসবাসরত, এবং তালতলীর ছাতনপাড়া গ্রামের প্রবাসী আলম হাওলাদারের ছেলে মো. আবু বকর (১৬)। এছাড়া ঢাকার মনসুর আহমেদের ছেলে কাউসার আহমেদ (১৭) ঘটনাস্থল থেকে আটক হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়। তিনি লেখাপড়ার সুবাদে ছাতনপাড়া গ্রামের তার নানা সেলিম মোল্লার বাড়িতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আলম হাওলাদারের বাড়িতে চারজন একত্র হয়ে ইয়াবা সেবন করছিলেন। বিষয়টি এলাকাবাসী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
তবে আটক চারজনের মধ্যে কাউসার আহমেদকে ছেড়ে দেয়ায় এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাউসার চলমান এসএসসি পরীক্ষার্থী। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ওই বাড়িতে পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা আনতে গিয়েছিলেন। এ কারণে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “চারজনকে আটক করা হয়েছিল। এর মধ্যে কাউসার এসএসসি পরীক্ষার্থী এবং ঘটনাস্থলে পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা আনতে গিয়েছিল বলে জানা গেছে। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।





