
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় সোমবার (১৮ মে) বিকেলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দায়িত্বপূর্ণ এলাকায় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আকস্মিকভাবে গুলি ছুড়লে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে।
বিজিবির দৃঢ় অবস্থানের কারণে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। সীমান্তের বর্তমান অবস্থা সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল, নজরদারি ও পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে।
সামগ্রিকভাবে, সময়োচিত পদক্ষেপের ফলে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিজিবি।





