
জাওয়ান উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ স্থাপন এবং দ্রুত আইনগত সহায়তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঈদগাঁও থানা পুলিশ। আধুনিক প্রযুক্তিনির্ভর জনসেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করতে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় সক্রিয় হয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার।
এক বার্তায় তিনি জানান, ফেসবুক আইডির পাসওয়ার্ডসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকতে হয়েছিল। তবে এখন থেকে “ Eidgaon Thana Coxsbazar নামের অফিসিয়াল ফেসবুক আইডির মাধ্যমে ঈদগাঁওবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে এবং প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দ্রুততার সঙ্গে প্রদান করা হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঈদগাঁও থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইনগত পরামর্শ ও সহযোগিতা, ফৌজদারি অপরাধ সংক্রান্ত তথ্য গ্রহণ, মাদক নির্মূল কার্যক্রম, চুরি-ডাকাতি-ছিনতাইসহ সম্পত্তি সংক্রান্ত অপরাধ, অপহরণ, প্রতারণা, তথ্যপ্রযুক্তির অপব্যবহার এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য আদান-প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
ওসি আরও জানান, যে কোনো নাগরিক ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিশ্চিত ও নির্ভুল তথ্য প্রদান করতে পারবেন। সরকারি দাপ্তরিক ব্যস্ততা বা নেটওয়ার্কজনিত সমস্যা ছাড়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আইনগত সহায়তা প্রদান করা হবে।
তিনি বলেন,
“স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দিতে ঈদগাঁও থানা পুলিশ বদ্ধপরিকর।”
এছাড়াও পারস্পরিক সৌহার্দ্য, গঠনমূলক আলোচনা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদগাঁও উপজেলা গড়ে তুলতে ঈদগাঁও থানা পুলিশ সর্বদা তৎপর থাকবে বলেও আশ্বাস দেন তিনি।





