
খুলনা ব্যুরো প্রধান
খুলনার খালিশপুরে আলোচিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ও একাধিক মামলার অভিযুক্ত মোঃ ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।
বুধবার (৭ মে) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওহিদুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি খন্দকার সুলতান আহমেদের ছেলে। গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে কেএমপির খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব আরও জানায়, ওহিদুল ইসলামের বিরুদ্ধে খুলনা মহানগরীর খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ১টি হত্যা চেষ্টা মামলা, ১টি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি খালিশপুর এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।





