
ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে বাসাইল বিল থেকে বংশী নদীর অভিমুখী খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তমিজ উদ্দিন বলেন, খাল খনন ও পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষিজ উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হতো। খাল পুনঃখননের ফলে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে এবং কৃষকরা উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, বাসাইল বিল থেকে বংশী নদীর সঙ্গে সংযোগ স্থাপনকারী এ খালটি এলাকার পানি প্রবাহের গুরুত্বপূর্ণ মাধ্যম। খালটি পুনরায় সচল হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং কৃষিখাতে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে এলাকাবাসী দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।





