
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২- এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (৩ মে) সকাল ১১টা ৪৫ মিনিটে সলঙ্গা থানার দত্তকুষা (উত্তরপাড়া) এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক পরিবহনের সময় ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— চাপাঁইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তৈলকুপি লম্বাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানা, ভবানীপুর গ্রামের সলেমান আলীর ছেলে সেলিম, নতুন বারোরশিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাওন আলী এবং ফজলুর রহমানের ছেলে সবুর আলী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় স্ক্যাফ ও ফেয়ারডিল সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





