
দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনপ্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও সততা অপরিহার্য।
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচনি ইশতেহার এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি—বিশেষ করে জুলাই সনদের বিষয়গুলো—পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ বাড়িয়ে নয়, বরং টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে সরকার কাজ করছে।
বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় জোর দিয়ে বলেন, দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, সরকার যেমন স্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও স্থায়ী নয়—তাই দায়িত্ব পালনে নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।





