
গোপালগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনি সহায়তা দিবস পালিত হয়েছে। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা লিগ্যাল এইডের উদ্যোগে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সামছুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেখ মনি অডিটোরিয়াম (শিল্পকলা একাডেমি) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা ও দায়রা জজ মো. সামছুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আরাফাত হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, লিগ্যাল এইড অফিসার মো. শফিকুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. খায়ের এবং জজ কোর্টের পিপি মো. তৌফিকুল ইসলাম।
বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার লিগ্যাল এইড নামে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্তরের বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





