
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার রেলগেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ইজারাদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল শান্তিপূর্ণ ডোমারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা ও মারধর করছে। একই সঙ্গে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, অবৈধভাবে চাঁদা দাবি ও সহিংসতার মাধ্যমে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাঁদাবাজির বিপক্ষে, তবে পৌরসভার উন্নয়নের স্বার্থে বৈধ পৌর টোল আদায় সমর্থন করি। কারণ ইজারাদার সরকারকে নির্ধারিত অর্থ প্রদান করে এক বছরের জন্য ইজারা গ্রহণ করেছেন।
এ সময় তারা উল্লেখ করেন, পৌর কর আদায় বন্ধ হয়ে গেলে পৌরসভার কার্যক্রম ব্যাহত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ডও থমকে যাবে।
উল্লেখ্য, গতকাল অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকেরা আন্দোলনে নামেন। এ সময় আন্দোলনে বাধা দিতে গেলে টোল আদায়কারীদের একজন গণধোলাইয়ের শিকার হন। পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বীর আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।





