
ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনা কমিউনিটি ক্লিনিকে স্থাপিত সৌর বিদ্যুৎ প্রকল্পের গুরুত্বপূর্ণ ক্যাবল চুরির ঘটনায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পুরো বিদ্যুৎ ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে ক্লিনিকটির নিয়মিত চিকিৎসাসেবা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গভীর রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের সৌর প্যানেলের মূল্যবান ক্যাবল চুরি করে নিয়ে যায়। ফলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে টিকা সংরক্ষণ, আলোকসজ্জা, ফ্যান চালানোসহ জরুরি স্বাস্থ্যসেবায় সমস্যা সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এলাকার কিছু বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, “এটি জনগণের সম্পদ। যারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।” তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
কমিউনিটি ক্লিনিকের পিএইসপিপি রোকেয়া আক্তার জানান, এ ঘটনায় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি দ্রুত ক্লিনিকের কার্যক্রম সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের দাবি, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল এই ক্লিনিকটি দ্রুত চালু করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।





