
কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অপহৃত ২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দুই জেলেকে অপহরণ করে। পরে মুক্তিপণের জন্য তাদের ওপর নির্যাতন চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিম্মিদের অবস্থান শনাক্ত করে ১৬ এপ্রিল বিকাল ৪টার দিকে মুর্তি খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা। এসময় একটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা বনের ভেতরে পালিয়ে যায়।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত দয়াল বাহিনীর সদস্যরা শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে এক সদস্যকে আটক করা হয়।
আটক তরিকুল (৩৫) কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





