
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের এই কর্মসূচির আওতায় আউশ ধান, মুগ, পাট ও তিলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রতিটি কৃষককে নির্ধারিত পরিমাণে আউশ ধানের বীজ, ডিএপি ও এমওপি সার প্রদান করা হচ্ছে। পাশাপাশি নির্বাচিত কৃষকদের মধ্যে মুগ, পাট ও তিলের বীজ এবং প্রয়োজনীয় সার সরবরাহ করা হয়।
এ ছাড়া বীজ সংরক্ষণের সুবিধার্থে কয়েকজন কৃষককে এয়ারফ্লো মেশিন প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, সরকারের দেওয়া এই প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হয়।





