ওয়াশ ব্লক প্রকল্পে বড় দুর্নীতির অভিযোগ: তথ্য চাইতেই উল্টো চাঁদাবাজ বানানোর চেষ্টা

Date:

spot_img

লিটন হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলায় ৫৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৩১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে লিখিতভাবে অবহিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলার ৫টি উপজেলায় ৩১৪টি ওয়াশ ব্লক নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। প্রতিটি ওয়াশ ব্লকের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ১৮ লাখ টাকা। সে হিসেবে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৫৬ কোটি ৫২ লাখ টাকা।

উপজেলাভিত্তিক হিসেবে রায়পুরে ৩৬টি, সদরে ১৩৮টি, রামগঞ্জে ৯৮টি, কমলনগরে ১২টি এবং রামগতিতে ৩০টি ওয়াশ ব্লক নির্মাণের কথা থাকলেও অধিকাংশ কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, রায়পুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ওয়াশ ব্লকের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। কোথাও শুধু অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে, আবার কোথাও ভেতরের কাজ অসমাপ্ত রয়েছে। এতে করে শিক্ষার্থী ও শিক্ষকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
দক্ষিণ চরইন্দ্রুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের একতলা ভবন নির্মাণ করে ফেলে রাখা হয়েছে। পানির ট্যাংকের জন্য খোঁড়া গর্তে বৃষ্টির পানি জমে ডেঙ্গুর ঝুঁকি তৈরি করছে, যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা জান্নাতি বেগম বলেন,
“বর্ষার মধ্যে ছাদ ঢালাই করা হয়েছে। আমাকে কিছুই জানানো হয়নি। একাধিকবার ঠিকাদার পরিবর্তন হয়েছে। কাজের মানও খুব খারাপ।”

৭৬নং চরবামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনা আক্তার বলেন,
“১০ মিলি রডের জায়গায় ৮ মিলি রড ব্যবহার করা হয়েছে। নিম্নমানের কাজ করতে নিষেধ করলেও তারা শোনেনি।”

কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন বলেন, “নিম্নমানের উপকরণ ব্যবহার করে তড়িঘড়ি কাজ শেষ করা হয়েছে। এখনও কাজ হস্তান্তর করা হয়নি।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, বিদ্যালয়ে ওয়াশ ব্লকের কাজ চলছে, তবে কোনো কাগজপত্র দেয়নি ঠিকাদার বা প্রকৌশল অফিস।
একজন সহকারী শিক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“নির্মাণ কাজের মান ভালো নয়—এ বিষয়টি মাসিক সভায় ইউএনওসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রায়পুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রমিজ উদ্দিন কোনো তথ্য দিতে রাজি হননি। বরং তিনি প্রতিবেদককে প্রশ্ন করেন, “এসব তথ্য দিয়ে কি করবেন?”

এসময় তিনি প্রতিবেদকের কাছে ভিজিটিং কার্ড চান। প্রতিবেদক ভিজিটিং কার্ড ব্যবহার করেন না জানালে তিনি বলেন, “আপনি কিসের সাংবাদিক?” জবাবে পরিচয়পত্র (সাংবাদিক কার্ড) থাকার কথা জানানো হলে তিনি তা অবমূল্যায়ন করে বলেন, “এ ধরনের কার্ড তো আমরা নিজেরাও তৈরি করতে পারি।”

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি মোবাইল ফোন বের করে উল্টো প্রতিবেদকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলেন, যা সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা ও হেনস্তার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লক্ষ্মীপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিলকিস আক্তার বলেন,“সব প্রকল্প একা তদারকি করা সম্ভব নয়। উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে কাজ ঠিকভাবে সম্পন্ন করার জন্য।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ বলেন,
“সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নিম্নমানের কাজ হওয়ায় অল্প সময়েই এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।”

অন্যদিকে ঠিকাদারদের দাবি, দ্রুতই অসম্পূর্ণ কাজ শেষ করা হবে এবং কোনো অনিয়ম হয়নি।

তবে সংশ্লিষ্টদের গাফিলতি, নিম্নমানের নির্মাণকাজ ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...