
আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্ৰী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জৈষ্ঠ কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ ২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্ৰী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটা আজ দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৫৪ ভাগ। এদিন বেলা ১২ টার সময় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক শূন্য ডিগ্ৰী সেলসিয়াস। ঐসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ। এর আগের দিন জেলার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্ৰী সেলসিয়াস।
তীব্র তাপদাহে জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ফলে তীব্র রোদ গরম ও ভ্যাপসা পরিবেশে এ জেলার মানুষ অস্থির হয়ে পড়েছেন। বেলা বাড়ার সাথে সাথে মানুষ অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে এখানকার
বয়স্ক ও শিশুদের জ্বর, ডায়রিয়া ও হামের প্রকোপ। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া হাম ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যায় বেশি।





