
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঈদগাহে এবারের ঈদ যেন অন্যরকম। একই কাতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেই দৃশ্যেই আবেগে ভেসেছেন মুসল্লিরা।
২১ মার্চ শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে প্রধান জামাত হয়। সময় ছিল সকাল সাড়ে ৮টা। একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাড়ে তিন দশক পর এমন দৃশ্য দেখল দেশ। একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজে।
সকাল ৮টা ২০ মিনিটে মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। পাঁচ মিনিট পর আসেন রাষ্ট্রপতি। এরপর একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তারা।
ঢাকার বেইলি রোড থেকে থেকে এসেছেন আনারুল ইসলাম। টানা ২০ বছর ধরে তিনি জাতীয় ঈদগাহে নামাজ পড়েন।
তিনি বলেন, দেশের দুই শীর্ষ ব্যক্তি একসঙ্গে নামাজ পড়লেন। এটা সচরাচর দেখা যায় না। আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
নিরাপত্তা ছিল কড়া। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিদের দীর্ঘ লাইন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো।
মেঘলা আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবু থামেনি মানুষের ঢল। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন মুসল্লিরা। জামাত শুরুর আগেই মাঠ পূর্ণ হয়ে যায়।
নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মিরপুর থেকে প্রথমবার এসেছেন নাদিরা রাহমান।
তিনি বলেন, নারীদের জন্য পরিবেশ ছিল খুব ভালো। স্বাচ্ছন্দ্যে নামাজ পড়েছি। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে একই কাতারে নামাজ পড়া ছিল ভিন্ন অভিজ্ঞতা।
এক ঈদে এমন মিলনমেলা। মানুষের মুখে একটাই কথা—এই মুহূর্ত মনে থাকবে দীর্ঘদিন।





