
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুন্সিপুর সীমান্তের একটি কবরস্থানের পাশ থেকে তাঁকে আটক করা হয়।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী মুন্সিপুর বিওপির একটি টহলদল হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় দবির উদ্দিনকে আটক করা হয়। আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল শনিবার রাত ৩টার দিকে লোকনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে সড়কে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহউদ্দিন বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলাম সংগঠনের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় তাঁর পরিচয় ও ঠিকানা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।





