
বিশেষ প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় শোলাকান্দি সড়ক ও গেট, দুটি গ্রামীণ সড়ক এবং হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি সড়ক ও গেটের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। তাঁর দলের কোনো নেতাকর্মীর সন্তানও যদি এ ধরনের অপরাধে জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না; বরং তার বিরুদ্ধেও আগে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কিশোর গ্যাংয়ের সদস্যদের দেখতে পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।এরপর কড়িকান্দি বাজারে উপজেলা বিএনপির কার্যালয়সংলগ্ন এলাকায় উপজেলা কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে স্থাপিত হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন তিনি।
এ সময় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আধুনিক এ সংরক্ষণব্যবস্থার মাধ্যমে কৃষিপণ্যের অপচয় কমবে, পণ্যের গুণগত মান বজায় থাকবে এবং কৃষকেরা উপযুক্ত সময়ে পণ্য বিক্রির সুযোগ পাবেন। পর্যায়ক্রমে তিতাস উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষকের উৎপাদিত পণ্যের সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ উদ্যোগ তিতাসের কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা হয়।পরে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মজিদপুর ইউনিয়নের কাখিয়াকালী গ্রামের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য। সেখানে পৌঁছালে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব সবাই যাতে আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং পূজার আয়োজন নির্বিঘ্ন করতে সহযোগিতা করবেন। পূজামণ্ডপের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও যেকোনো প্রয়োজনে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি নিয়ে বসবাস করবেন, এটাই প্রত্যাশা। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিটি পূজামণ্ডপে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে মজিদপুর শওকত আলী মেম্বার মার্কেট-সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজলের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এরপর মজিদপুর মরহুম শওকত আলী মেম্বার মার্কেট থেকে বালুয়াকান্দি এলাকার মোতালেব মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক এবং মজিদপুর পশ্চিমপাড়া পুকুরপাড় মসজিদ থেকে গ্রামের শামসুল হকের বাড়ি পর্যন্ত আরেকটি সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য।
২০২৫-২৬ অর্থবছরের নির্বাচনী এলাকাভিত্তিক তৃতীয় পর্যায়ের (টিআর-০৯) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সড়ক নির্মাণের কাজ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছের, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহসভাপতি এমদাদ হোসেন আখন্দ, আক্তার ব্যাপারী, মিজানুর রহমান ভুলু সিকদার, আশরাফুল আলম সরকার, যুগ্ম সম্পাদক হাজী মকবুল হোসেন, সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূঁইয়া এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকার,কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি, নারান্দিয়া
ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বিএসসি,। মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু সরকার, সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম সরকার বিজয়, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান,উপজেলা ছাত্র দলের আহবায়ক ফাহিম সরকার ও সদস্য সচিব আল আমিন হক বাবুসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।





