
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় জামায়াতের সাবেক আমির ও কিরনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহসান মাস্টারের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কেরামতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় হামলার শিকার হন শামীম আহসান। এতে তাঁর দুই হাত ও এক পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে পাথরঘাটা উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন। সমাবেশে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মাসুদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আল মামুন বলেন, শামীম আহসান পাথরঘাটার একজন জনপ্রিয় নেতা ও শিক্ষক। তাঁর ওপর বারবার হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন। পাশাপাশি পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র প্রার্থী মাহবুবুর রহমান খানের দোকানে আট মাস ধরে তালা ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে এর নিন্দা জানান। এসব ঘটনার মাধ্যমে বর্তমান সরকার আগের সরকারের পথেই হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ, আহত শামীম আহসানের উন্নত চিকিৎসা এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
আহত শামীমকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির
এদিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শামীম আহসানকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসন বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে এবং জাতীয় সংসদের চিফ হুইপ সহযোগিতা না করলে নিজেই পাথরঘাটায় গিয়ে প্রতিবাদ জানাবেন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে পাথরঘাটায় জামায়াতের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এসব ঘটনায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির ভূমিকা
নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
হামলার ঘটনা তদন্তে ওসিকে চিফ হুইপের নির্দেশ
গত ১৬ অক্টোবর শুক্রবার পাথরঘাটা উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলাবিষয়ক সভায় শামীম আহসানের ওপর হামলার ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে এ নির্দেশনা দেন।
চিফ হুইপ বলেন, সাবেক আমিরের ওপর হামলা করে কেউ তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।





