
ঝালকাঠি ব্যুরো
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠি জেলার রাজাপুর ও ঝালকাঠি থানাধীন কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দার।
বুধবার (১৪ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর, রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহ্ আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুলিশের এ ধরনের পরিদর্শন ও নিরাপত্তামূলক কার্যক্রমের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।





