
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সঠিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ, ঝরে পড়া রোধ এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
সভায় কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা, যোগ্যতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নির্যাতন ও হয়রানি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।





