
এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান
খুলনায় জিয়া হল কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং এর নকশা প্রণয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও নগর পরিকল্পনা বিভাগের শিক্ষক, কেসিসি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কর্মকর্তা এবং নাগরিক নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় প্রস্তাবিত জিয়া হল কমপ্লেক্সে কী ধরনের সুযোগ-সুবিধা রাখা প্রয়োজন, তা নিয়ে উপস্থিত অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এসব মতামতের ভিত্তিতে কমপ্লেক্সটির নকশা প্রণয়ন করা হবে বলে সভায় জানানো হয়।
সভাপতির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জিয়া হল কমপ্লেক্সকে আধুনিক, নান্দনিক ও সর্বসাধারণের ব্যবহার উপযোগী স্থাপনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ কমপ্লেক্সে আধুনিক সিনেপ্লেক্স, সমৃদ্ধ লাইব্রেরি এবং ভবনের সর্বোচ্চ তলায় ফুডকোর্ট রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্টজনেরা শিল্পকর্ম প্রদর্শনীর জন্য আর্ট গ্যালারি, নৃত্যচর্চার উপযোগী স্থান এবং উন্মুক্ত নাট্যমঞ্চ নির্মাণের প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাহিদা ও প্রত্যাশার সমন্বয় ঘটিয়ে একটি নান্দনিক স্থাপত্য নির্মাণ করাই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে নাগরিকদের রুচি, প্রয়োজন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
শিববাড়ি মোড়কে খুলনা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক বলেন, জিয়া হল কমপ্লেক্সের নকশা প্রণয়নের ক্ষেত্রে আশপাশের এলাকার যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। নগরীর গুরুত্বপূর্ণ এ চত্বরের স্বাভাবিক চলাচল বজায় রেখে নাগরিকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
সভা শেষে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তাবিত জিয়া হল কমপ্লেক্স নির্মাণের স্থান সরেজমিনে পরিদর্শন করেন।





