
খুলনা প্রতিনিধি
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির হামলায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর পথরোধ করে। এ সময় তাঁরা শাহ আলমের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কব্জির ওপর আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার শিফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হামলাকারীদের শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





