
ঝালকাঠি ব্যুরো
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন
সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, এসআরবি, এনএসআই ও ডিজিএফআই-এর প্রতিনিধিবৃন্দ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানবাহন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় পূজা উদযাপনকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির পরিবেশে আনন্দমুখর ও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।





