
বিশেষ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে উত্তরা কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ভবিষ্যতে সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উত্তরা কোল্ড স্টোরেজে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি। এ সময় উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার উপস্থিত ছিলেন। আদালত পরিচালনায় বদলগাছী থানা পুলিশ সহযোগিতা করে।
এর আগে উত্তরা কোল্ড স্টোরেজে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে কৃষকদের ভোগান্তি নিয়ে “দৈনিক মুক্ত খবর” এ সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযোগ ছিল, সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে। এতে আলু সংরক্ষণ করতে গিয়ে কৃষকদের বাড়তি অর্থ গুনতে হচ্ছিল। বিষয়টি নিয়ে কয়েকজন কৃষক অভিযোগও করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়ায় উত্তরা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
প্রশাসনের এ অভিযানে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা সরকারি নির্ধারিত ভাড়া কার্যকর এবং ভবিষ্যতে যাতে কোনো কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।





