এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের ঘোষণা খুলনা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির

Date:

spot_img

খুলনা ব্যুরো

বর্তমান বাজারদরের সঙ্গে এলজিইডির উন্নয়নকাজের প্রাক্কলিত মূল্য সামঞ্জস্যপূর্ণ নয়—এমন অভিযোগ তুলে আগামী ৭ অক্টোবরের প্রায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি।

সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, নির্মাণসামগ্রী, জ্বালানি ও পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বর্তমান এস্টিমেট রেটে কাজ করলে ঠিকাদারদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

ঠিকাদারদের দাবি, এলজিইডির প্রাক্কলনে এক ব্যারেল বিটুমিনের মূল্য ধরা হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা। ভ্যাট-ট্যাক্স বাদ দেওয়ার পর ঠিকাদারদের হাতে থাকে প্রায় ১২ হাজার টাকা। অথচ তাদের হিসাবে বর্তমানে ১৫০ কেজির এক ব্যারেল বিটুমিনের বাজারদর প্রায় ১৯ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছরের তুলনায় পাথরের দাম টনপ্রতি প্রায় ৫০০ থেকে ১ হাজার টাকা বেড়েছে। গত বছর যেখানে পাথরের দাম ছিল প্রায় ৪ হাজার ২০০ টাকা টন, বর্তমানে পরিবহন খরচ বাদেই তা প্রায় ৪ হাজার ৭০০ টাকা। একইভাবে ইট, বালি ও কয়লার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন ঠিকাদাররা।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর প্রতি হাজার ইটের দাম ছিল ৯ থেকে ১০ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে ১২ থেকে ১৩ হাজার টাকায় দাঁড়িয়েছে। কয়লার দাম গত বছর টনপ্রতি প্রায় ১৭ হাজার টাকা থাকলেও বর্তমানে তা প্রায় ২৫ হাজার টাকা হয়েছে। আর বালুর দাম প্রতি ঘনফুট ৬০ টাকা থেকে বেড়ে বর্তমানে ৮০ থেকে ৮৫ টাকা হয়েছে বলে দাবি করা হয়।

ঠিকাদার নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নির্মাণসামগ্রী ও পরিবহন ব্যয়ের ওপরও। ফলে বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য না রেখে নির্ধারিত এস্টিমেট অনুযায়ী কাজ করলে ঠিকাদারদের জন্য তা আর্থিকভাবে টেকসই হবে না।

তারা আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে এলজিইডির ঠিকাদাররা সরাসরি সম্পৃক্ত। কিন্তু মাঝারি পর্যায়ের ঠিকাদারদের জন্য ব্যাংকঋণের পর্যাপ্ত সুযোগ না থাকায় অতিরিক্ত লোকসান নিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে ঠিকাদাররা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পের টেন্ডারে বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্টিমেট রেট পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
এ দাবি বাস্তবায়ন না হলে আগামী ৭ অক্টোবর এলজিইডির আহ্বান করা প্রায় ৪৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজের টেন্ডার বর্জন করতে তারা বাধ্য হবেন বলে ঘোষণা দেন।

এ সময় গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানান খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির নেতারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...