
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত মমেক হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ তাগিদ দেন। এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে তারা হাসপাতালের ক্যাথল্যাব, কার্ডিওলজি বিভাগ, আইসিইউ, সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট ঘুরে দেখেন। চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর ময়মনসিংহের বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। তাই চিকিৎসাসেবার মানোন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা আগের চেয়েও অনেকটা সন্তোষজনক বলেও মন্তব্য করেন তিনি।
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, মমেক হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার ভবন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এসব ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে ময়মনসিংহসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা। একই সঙ্গে রোগীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং দ্রুত কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন তারা।
হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য।
হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনকালে অতিথিরা বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের কোনো অভিযোগ বা সমস্যা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বিক কার্যক্রম ও চলমান উন্নয়নকাজ সম্পর্কে অতিথিদের অবহিত করা হয়।
এর আগে হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, উপপরিচালক ডাঃমো. জাকিউল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোস্তফা জাহিদ কামাল বিপু, উপাধ্যক্ষ ডাঃ বদরউদ্দীন, ড্যাব নেতা ডাঃ আসাদুজ্জামান রতন, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





