
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জ্যেষ্ঠ শিক্ষার্থীদের ডাকে সাড়া দিতে গিয়ে স্থানীয় বখাটেদের হামলায় গণিত বিভাগের চার নবীন শিক্ষার্থী গুরুতর মারধরের শিকার হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপাতলী আবাসিক এলাকার দিঘিরপাড় মোড়ে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন— সাদিক, রাব্বি, মেহেদী হাসান এবং রিয়াদ।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবে ইমিডিয়েট সিনিয়ররা রাত ৯টার দিকে তাঁদের বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় ডেকেছিলেন। সিনিয়রদের ডাকে সাড়া দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে রূপাতলী আবাসিক এলাকার দিঘিরপাড় মোড়ে পৌঁছালে স্থানীয় ১০ থেকে ১২ জনের একটি বখাটে দল তাঁদের গতিরোধ করে। বখাটেরা সংঘবদ্ধভাবে নবীন শিক্ষার্থীদের নানা প্রশ্ন তুলে হেনস্তা শুরু করে। একপর্যায়ে তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়া হয় এবং বেধড়ক মারধর করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের আরও অভিযোগ, হামলা চালনোর সময় বখাটেরা এক শিক্ষার্থীর সঙ্গে থাকা নগদ ১ হাজার টাকা এবং একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে কেটে পড়ে।
ঘটনাটি ছড়িয়ে পড়লে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে এক হামলাকারীকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় স্থানীয় মাহি, কাউসার, হাসান, হাসিবসহ অন্তত ১০-১২ জন জড়িত ছিল। পরে আটক অভিযুক্তকে আইনগত ব্যবস্থার জন্য থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, “চার নবীন শিক্ষার্থী বের হলে বখাটেরা সংঘবদ্ধভাবে তাঁদের পথ রোধ করে জিজ্ঞাসাবাদের নামে হেনস্তা ও ফোন কেড়ে নেয়। বিষয়টি জানার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংলগ্ন এলাকায় বহিরাগত ও বখাটেদের উপদ্রব কমাতে এবং ক্যাম্পাস ও আশপাশের নিরাপত্তাব্যবস্থা জোরদারে জোর দাবি জানিয়েছেন তাঁরা।





