
খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
শুক্রবার তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
খুলনা রেঞ্জে যোগদানের পর থেকেই ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনায় খুলনা রেঞ্জের প্রতিটি জেলার পুলিশ সুপার মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে যে-ই জড়িত থাকুক, কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের কোনো সদস্য যদি মাদকসহ কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। প্রয়োজনে চাকরি থেকে বরখাস্ত করা হবে।”
ডিআইজি জানান, সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, মাদক, অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।





