
বিশেষ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ১৭ মাস বয়সী একমাত্র পুত্রসন্তান আবু সাইদকে বিষপান করিয়ে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মা। এ ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু আবু সাইদ (১৭ মাস) পশ্চিম মীরাপাড়া গ্রামের হারুন রশিদের ছেলে।
জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন দুপুরের কোনো একসময় সাহিদা নামে ওই গৃহবধূ প্রথমে নিজের শিশু পুত্র আবু সাইদকে বিষপান করান। পরে তিনি নিজেও বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসক ১৭ মাস বয়সী শিশু আবু সাইদকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় সাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





