
আলী কদর পলাশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন—এমন তথ্য কোনো সংবাদমাধ্যম প্রকাশ করেনি। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, ‘শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় কে’। অন্যদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রশ্ন তুলেছে, ‘এক ফেইসবুক পোস্ট ধরে গুঞ্জন: রাষ্ট্রপতি পদত্যাগ করছেন?’
অর্থাৎ, একটি সংবাদমাধ্যম নিজস্ব সূত্রের ভিত্তিতে সম্ভাব্য পদত্যাগের সংবাদ দিয়েছে; অন্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির সত্যতা অনুসন্ধান করেছে। কোনো মাধ্যমই এই সম্ভাবনাকে ঘটে যাওয়া নিশ্চিত ঘটনা হিসেবে উপস্থাপন করেনি।

অতএব, পর্যালোচনার মূল বিষয় রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কি না, তা নয়। মূল প্রশ্ন হলো—তিনি শিগগির পদত্যাগ করতে পারেন, এমন তথ্যকে সংবাদ হিসেবে পরিবেশন করার মতো যথেষ্ট ভিত্তি তৈরি হয়েছিল কি না। কোথায় সংবাদের পরিসমাপ্তি ঘটছে, আর কোথা থেকে গুঞ্জনের সূচনা হচ্ছে।
সূত্রপাত
বিষয়টি প্রকাশ্যে আসে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ওই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট গুরুত্বপূর্ণ কোনো ঘটনার প্রাথমিক সূত্র হতে পারে এবং সংবাদমাধ্যম সেই সূত্র ধরে অনুসন্ধানও চালাতে পারে। কিন্তু পোস্টটি নিজে কোনো চূড়ান্ত সংবাদ নয়; তথ্যের নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়েই সংবাদ তৈরি হয়।
পরিচয়ের প্রশ্ন
জুলকারনাইন সায়ের খানকে অনেক সময় সরাসরি ‘আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক’ হিসেবে অভিহিত করা হয়। পরিচয়টি পুরোপুরি অসত্য নয়। তবে এর পেছনের ইতিহাস এবং বর্তমান পোস্টটির প্রাতিষ্ঠানিক অবস্থান আলাদাভাবে বোঝা প্রয়োজন।
২০২১ সালে আল জাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সম্প্রচারের পর বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে আল জাজিরার ১৭ ফেব্রুয়ারি ২০২১-এর সংবাদে চার অভিযুক্তের পরিচয় তুলে ধরা হয়। সেখানে ডেভিড বার্গম্যান ও তাসনিম খলিলকে সাংবাদিক বলা হলেও জুলকারনাইন সায়ের খানকে ‘হাঙ্গেরিভিত্তিক উদ্যোক্তা’ হিসেবে উল্লেখ করা হয়। তখন তাঁকে আল জাজিরার সাংবাদিক বা অনুসন্ধানী ইউনিটের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি।
তবে পরবর্তী সময়ে তাঁর পেশাগত ভূমিকা আরও স্পষ্ট হয়। ২০২২ সালের ডিসেম্বরে র্যাব সদস্যদের যুক্তরাজ্যে নজরদারি প্রযুক্তির প্রশিক্ষণ গ্রহণসংক্রান্ত আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে জুলকারনাইন সায়ের খান, ইয়ার্নো রিৎজেন ও কেভিন হার্টেনের যৌথ বাইলাইন ছিল। প্রতিবেদনটি আল জাজিরার অনুসন্ধানী ইউনিটের কাজ হিসেবেই প্রকাশিত হয়।
২০২৩ সালের মার্চে তাঁর ভাইয়ের ওপর হামলার ঘটনায় প্রকাশিত অন্য একটি সংবাদে আল জাজিরা তাঁকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, তিনি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ অনুসন্ধানে আল জাজিরার অনুসন্ধানী ইউনিটের সঙ্গে কাজ করেছিলেন।
অর্থাৎ, ২০২১ সালে আল জাজিরা তাঁকে হাঙ্গেরিভিত্তিক উদ্যোক্তা হিসেবে উল্লেখ করলেও পরবর্তী সময়ে তাঁর নামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে এবং আগের প্রামাণ্যচিত্রটিতেও তাঁর কাজ করার কথা জানিয়েছে। ফলে আল জাজিরার সঙ্গে তাঁর পেশাগত সম্পর্ক অস্বীকার করার অবকাশ নেই।
কিন্তু রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে তাঁর বর্তমান বক্তব্যটি আল জাজিরার কোনো সংবাদ, অনুসন্ধান কিংবা প্রাতিষ্ঠানিক বার্তা নয়; এটি তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্ট।
জুলকারনাইন নিজেও তাঁর ফেসবুক পরিচিতিতে এই সীমারেখা স্পষ্ট করে রেখেছেন। সেখানে উল্লেখ রয়েছে, তাঁর প্রকাশিত মতামত সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা আল জাজিরার প্রাতিষ্ঠানিক অবস্থানের প্রতিনিধিত্ব করে না।
অতএব, তাঁর পূর্ববর্তী কাজের কারণে পোস্টটি গুরুত্ব পেতে পারে এবং সংবাদমাধ্যম সেটিকে প্রাথমিক সূত্র হিসেবে বিবেচনা করতে পারে। কিন্তু সেই ব্যক্তিগত বক্তব্যকে আল জাজিরার প্রাতিষ্ঠানিক বা যাচাই করা সংবাদ বলার সুযোগ নেই।
এ ক্ষেত্রে তাঁর যথাযথ পরিচয় হতে পারে—আল জাজিরার অনুসন্ধানী ইউনিটের সঙ্গে কাজ করা প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। আরও সহজ ভাষায় শুধু ‘প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান’ বললেও তথ্যের কোনো বিচ্যুতি ঘটে না।
প্রথম আলোর সূত্র
দৈনিক প্রথম আলো তাদের প্রতিবেদনে জুলকারনাইনের ফেসবুক পোস্টকে সংবাদের মূল ভিত্তি হিসেবে ব্যবহার করেনি। তারা জানিয়েছে, সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আভাস পাওয়া গেছে।
প্রতিবেদন অনুসারে, বিএনপির উচ্চপর্যায় থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে। এই বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত এবং নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র খুব শিগগির তাঁর পদত্যাগের সম্ভাবনার কথা জানিয়েছে। বঙ্গভবনকেন্দ্রিক অপর একটি সূত্র রাষ্ট্রপতির অধস্তন কর্মকর্তাদের বঙ্গভবন ছাড়ার ইঙ্গিত দেওয়ার কথাও বলেছে। তবে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কাজেই প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তি কোনো একক ফেসবুক পোস্ট নয়; বরং তাদের নিজস্ব ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র।
সেই সূত্রগুলো সিদ্ধান্ত গ্রহণের কতটা কাছাকাছি, তারা একে অপরের থেকে কতটা স্বাধীন কিংবা তথ্যটি অন্য কোনো উপায়ে যাচাই করা হয়েছে কি না—পাঠকের পক্ষে তা জানার উপায় নেই। এখানে সূত্রের বিশ্বাসযোগ্যতার দায় সম্পূর্ণ প্রথম আলোর।
রাষ্ট্রপতি যদি সত্যিই পদত্যাগ করেন, তবে এটি প্রথম আলোর একটি সফল আগাম সংবাদ হিসেবে গণ্য হবে। পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে সূত্র ও অনুসন্ধানের মান নিয়ে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। আগাম রাজনৈতিক সংবাদের প্রকৃতি বস্তুত এমনই।
বিডিনিউজের পথ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিষয়টি শুরু থেকেই গুঞ্জন হিসেবে বিবেচনা করেছে। তবে তারা কেবল ফেসবুক পোস্টটি তুলে ধরেই ক্ষান্ত হয়নি; রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একজন, বঙ্গভবনের কর্মকর্তা, রাষ্ট্রপতির প্রেস সচিব, সরকারের মন্ত্রী এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য সংগ্রহের চেষ্টা করেছে।
রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, তিনি শিগগির স্পিকারের উদ্দেশে চিঠি পাঠাতে পারেন এবং সেখানে পদত্যাগের বিষয়টি উল্লেখ থাকতে পারে। বঙ্গভবনের একজন কর্মকর্তা বলেছেন, রাষ্ট্রপতি প্রায়ই নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দেন।
তবে রাষ্ট্রপতির প্রেস সচিব তথ্যটির সত্যতা নিশ্চিত করেননি। একজন জ্যেষ্ঠ মন্ত্রী এবং বিএনপির একজন শীর্ষ নেতা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। ফলে প্রাথমিক কিছু আভাস পাওয়া গেলেও চূড়ান্ত সিদ্ধান্তের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সংবাদটির প্রশ্নবোধক শিরোনাম মূলত সেই অনিশ্চয়তারই প্রতিফলন।
দুটি সংবাদমাধ্যমের দৃষ্টিভঙ্গির মূল পার্থক্য এখানেই। প্রথম আলো নিজস্ব সূত্রের ওপর আস্থা রেখে বিষয়টিকে প্রধান সংবাদ হিসেবে পরিবেশন করেছে; আর বিডিনিউজ একই প্রেক্ষাপটকে গুঞ্জন হিসেবে ধরে পক্ষে-বিপক্ষে পাওয়া বক্তব্যগুলো মিলিয়ে দেখার চেষ্টা করেছে।
সাংবাদিকতার অনুশীলনে দুটি পথই প্রচলিত। তবে উভয় ক্ষেত্রেই পাঠকের কাছে সুস্পষ্ট থাকা প্রয়োজন—কোনটি নিশ্চিত তথ্য আর কোনটি সূত্রের দাবি।
কেন সংবাদ
রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত। তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে কি না, তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না কিংবা তাঁর উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে কি না—এসব বিষয় সত্য হলে অবশ্যই তা দেশীয় রাজনীতির বড় সংবাদ।
সংবাদ কেবল ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেয় না। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের প্রস্তুতি, রাষ্ট্রীয় পরিবর্তনের পরিকল্পনা বা উচ্চপর্যায়ের রাজনৈতিক সমঝোতাও সংবাদের উপাদান হতে পারে। তবে শর্ত হলো, তথ্যটি নির্ভরযোগ্য সূত্রে যাচাই করতে হবে এবং স্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে—এটি চূড়ান্ত সিদ্ধান্ত, প্রস্তুতি নাকি কেবলই সম্ভাবনা।
বর্তমান প্রেক্ষাপটটি একেবারে ভিত্তিহীন নয়। ২০২৫ সালের ১১ ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছিলেন, ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে তিনি পদত্যাগে আগ্রহী।
যেহেতু এটি রাষ্ট্রপতির নিজের বক্তব্য ছিল, তাই নতুন সরকার গঠনের পর তাঁর পদত্যাগ নিয়ে আলোচনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
তবে সাত মাস আগের একটি সাক্ষাৎকার বর্তমান সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার নিশ্চয়তা দেয় না। দায়িত্ব ছাড়ার ইচ্ছা, রাজনৈতিক আলোচনা এবং সাংবিধানিক পদত্যাগ—তিনটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
কোথায় গুঞ্জন
এ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায়, জুলকারনাইন সায়ের একটি দাবি করেছেন; প্রথম আলো নিজস্ব সূত্রের বরাতে সম্ভাব্য পদত্যাগের খবর প্রকাশ করেছে; আর বিডিনিউজ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে কিছু ইঙ্গিত পেলেও প্রাতিষ্ঠানিক নিশ্চিতকরণ পায়নি।
কিন্তু রাষ্ট্রপতি সত্যিই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তিনি ঠিক কবে স্পিকারকে চিঠি দেবেন, স্বাস্থ্যগত কারণ দেখাবেন কি না এবং নাসিমুল গণিই সম্ভাব্য উত্তরসূরি কি না—এসব বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিশেষত উত্তরসূরির নাম প্রকাশের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রথম আলো সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী একজন সচিবের নাম আলোচনায় থাকার কথা বললেও নামটি প্রকাশ করা থেকে বিরত থেকেছে। অন্যদিকে জুলকারনাইন তাঁর পোস্টে সরাসরি নামটি উল্লেখ করেছেন।
কাজেই সম্ভাব্য পদত্যাগ এবং সম্ভাব্য উত্তরসূরির তথ্য সমানভাবে যাচাই করা নয়। পদত্যাগ নিয়ে বিভিন্ন সূত্রে কিছু আভাস পাওয়া গেলেও উত্তরসূরির বিষয়টি এখনো মূলত ব্যক্তিগত পোস্ট ও অজ্ঞাত সূত্রের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।
আন্তর্জাতিক নীরবতা
২৩ জুলাই সকাল পর্যন্ত রয়টার্স, এপি, বিবিসি ও আল জাজিরায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে নতুন কোনো প্রতিবেদন দেখা যায়নি। রয়টার্সের সর্বশেষ প্রাসঙ্গিক প্রতিবেদনটি ছিল ২০২৫ সালের ডিসেম্বরের সেই সাক্ষাৎকারভিত্তিক সংবাদ। আল জাজিরা ও এপির সংবাদগুলোও আগের রাজনৈতিক ঘটনাবলিকেন্দ্রিক।
এই নীরবতা সংবাদটি মিথ্যা হওয়ার প্রমাণ বহন করে না। কোনো দেশীয় পত্রিকার নিজস্ব শক্তিশালী সূত্র থাকলে আন্তর্জাতিক গণমাধ্যমের আগেই তারা সংবাদ প্রকাশ করতে পারে; বহু বড় খবরের সূচনা স্থানীয় সংবাদমাধ্যমেই হয়ে থাকে।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আগে যখন রাষ্ট্রপতিকে নিয়ে সংবাদ পরিবেশন করেছিল, তখন তাদের সামনে ছিল সরাসরি বক্তব্য কিংবা দৃশ্যমান কোনো ঘটনা। রয়টার্স সংবাদ করেছিল রাষ্ট্রপতির সাক্ষাৎকারের ভিত্তিতে; আর এপি সংবাদ করেছিল রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন ও উত্তেজনাকে কেন্দ্র করে।
বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির নতুন কোনো বক্তব্য নেই, পদত্যাগপত্র নেই, বঙ্গভবনের ঘোষণা বা সরকারের স্পষ্ট অবস্থানও অনুপস্থিত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অপেক্ষা করার এটি একটি সম্ভাব্য কারণ হতে পারে। তবে তাদের নীরবতার দোহাই দিয়ে দেশীয় পত্রিকার সূত্রভিত্তিক প্রতিবেদন উড়িয়ে দেওয়া যায় না।
আমি কেন লিখিনি
প্রায় চার দশক ধরে আমি সাংবাদিকতা ও সম্পাদনার সঙ্গে যুক্ত। হাতে লেখা কপি, লেটার প্রেস ও সীসার অক্ষরের যুগ থেকে আজকের ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের তাৎক্ষণিক সংবাদের সময়—দীর্ঘ এই বিবর্তনের প্রত্যক্ষদর্শী আমি।
এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, সংবাদ প্রকাশের সিদ্ধান্ত কেবল প্রতিযোগিতায় টিকে থাকার বিষয় নয়। কোন তথ্যটি বিশ্বাসযোগ্য, কোন সূত্রের ওপর নির্ভর করা যায় এবং কোন সংবাদের দায় নিজের নামে নেওয়া সমীচীন—দিনের শেষে সেটিই একজন সম্পাদকের মূল বিবেচ্য।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের সংবাদটি আমি সচেতনভাবেই প্রকাশ করিনি।
এর অর্থ এই নয় যে আমি তথ্যটিকে মিথ্যা বলে ধরে নিয়েছি কিংবা প্রথম আলোর সূত্রকে অবিশ্বস্ত বলছি। কিন্তু তাদের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র আমার নিজস্ব সূত্র নয়। রাষ্ট্রপতির সিদ্ধান্তের কাছাকাছি থাকা কোনো প্রত্যক্ষ ও নির্ভরযোগ্য উৎস আমার হাতে ছিল না।
অন্য পত্রিকা সংবাদটি প্রকাশ করেছে বলে সেটি পুনরায় প্রকাশ করা যেত। সে ক্ষেত্রে লেখা যেত—প্রথম আলো তাদের সূত্রের বরাতে এই খবর জানিয়েছে। কিন্তু তাতে আমার পাঠক নতুন কোনো সুনির্দিষ্ট তথ্য পেতেন না; কেবল এক পত্রিকার তথ্য অন্য পত্রিকায় প্রতিধ্বনিত হতো।
আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের পূর্ণ দায়ও আমার।
কোনো প্রাতিষ্ঠানিক নীতিমালার অজুহাত দিয়ে আমি দায় এড়াতে চাই না। সংবাদটি প্রকাশ না করার সিদ্ধান্ত কোনো অদৃশ্য বিধিমালার ছিল না; সম্পাদক হিসেবে সিদ্ধান্তটি আমি নিজেই নিয়েছি।
ঘটনাটি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলে প্রথম আলো নিঃসন্দেহে আগাম সংবাদের কৃতিত্ব পাবে। তবে তাতে আমার অপেক্ষার সিদ্ধান্ত ভুল বলে গণ্য হবে না। কারণ সম্পাদকীয় সিদ্ধান্তের বিচার কেবল ভবিষ্যতের ফলাফলের ওপর নির্ভর করে না; প্রকাশের মুহূর্তে সম্পাদকের হাতে থাকা তথ্য, সূত্র এবং নিশ্চয়তার মাত্রার ওপরও নির্ভর করে।
আবার ঘটনা সত্য না হলেও আমার এই সংযমকে দূরদর্শিতা বলে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। পর্যাপ্ত নিজস্ব তথ্য না থাকলে অপেক্ষা করাই একজন সম্পাদকের স্বাভাবিক ও দায়িত্বশীল আচরণ।
শেষ কথা
‘রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন’—এমন কথা কোনো সংবাদমাধ্যম লেখেনি।
‘রাষ্ট্রপতি শিগগির পদত্যাগ করতে পারেন’—এটি প্রথম আলোর নিজস্ব সূত্রভিত্তিক আগাম সংবাদ।
‘রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কি না’—এটি বিডিনিউজের অনুসন্ধানমূলক প্রশ্ন।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ এবং সম্ভাব্য উত্তরসূরির নাম—এগুলো এখনো প্রকাশ্যে যাচাই না হওয়া দাবি।
ঠিক এ কারণেই পুরো বিষয়টি একই সঙ্গে সংবাদ এবং গুঞ্জন। রাষ্ট্রপতির অবস্থান নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা হওয়াটি সংবাদ; কিন্তু সেই আলোচনা থেকে সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত থেকে সাংবিধানিক পদত্যাগ—প্রতিটি ধাপই আলাদা।
শিরোনামে ‘করতে পারেন’, প্রতিবেদনে ‘সূত্র জানিয়েছে’ কিংবা শেষে প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিলেই সাংবাদিকতার দায়িত্ব শেষ হয়ে যায় না। পাঠককে স্পষ্টভাবে বুঝতে দিতে হয়—কোন তথ্যটি সংবাদমাধ্যম নিজে নিশ্চিত করেছে, কোনটি সূত্রের দাবি আর কোনটি এখনো অনিশ্চিত।
খবর সত্য হলে দ্রুততার যেমন মূল্য রয়েছে, তথ্য নিশ্চিত না হলে ধৈর্য ধরে অপেক্ষারও তেমনি মূল্য রয়েছে।
সংবাদ ও গুঞ্জনের এই সূক্ষ্ম ব্যবধানেই একজন সম্পাদককে কঠিনতম সিদ্ধান্তগুলোর একটি নিতে হয়।





