
বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা শহরের রেজিমিয়েন্তো ২ বলিভার সামরিক স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫৮ জন। নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কা।
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্তিনিয়ানো জানিয়েছেন, আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং ছয়জন সামরিক সদস্য রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, সামরিক স্থাপনার এমন একটি এলাকায় বিস্ফোরণ ঘটে, যেখানে আতশবাজি বা বিস্ফোরকজাতীয় সামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল। তবে ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এবং সামরিক স্থাপনায় বিস্ফোরক সামগ্রী কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
বিস্ফোরণের পর এর প্রচণ্ড শব্দ ও কম্পনে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং সামরিক স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছান।
স্থানীয় প্রতিবেদনে প্রথমে দুটি বিস্ফোরণের কথা বলা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্বিতীয় বিস্ফোরণটি ছিল তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। এর ধাক্কায় সামরিক স্থাপনার আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়।
ঘটনার পর সামরিক বাহিনী সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। সম্ভাব্য আরও কোনো ঝুঁকি রয়েছে কি না, তা যাচাই করতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে বিস্ফোরণের সঠিক কারণ ও হতাহতের চূড়ান্ত সংখ্যা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। উদ্ধার ও যাচাই কার্যক্রম শেষ হওয়ার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর মধ্যে চলতি সপ্তাহে বলিভিয়ার সান্তা ক্রুজ বিভাগের একটি সামরিক রেজিমেন্টের গুদাম থেকে ৩৩ হাজার ৬০৮টি ৫.৫৬×৪৫ মিমি গুলি নিখোঁজ হওয়ার ঘটনাও তদন্তাধীন রয়েছে। তবে ভিয়াচার বিস্ফোরণের সঙ্গে ওই নিখোঁজ গোলাবারুদের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত কর্তৃপক্ষ জানায়নি।





