
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এক ডোজ টিসিভি দেওয়া হবে। দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে।
ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, শিশুর বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলিলিটার মাত্রার এক ডোজ টিকা প্রয়োগ করা হবে। একই টিকাদান সেশনে এমআর-২ (হাম-রুবেলা) টিকার সঙ্গে টিসিভি একসঙ্গে দেওয়া যাবে বলেও জানানো হয়েছে।
টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন।
এছাড়া অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক, প্রচার-প্রচারণা এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা সংযোজনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





