
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং দেশের জনগণের প্রতি মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন।
পোস্টে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে মালদ্বীপ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
তিনি আরও বলেন, যারা এই দুর্যোগে তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর প্রতি মালদ্বীপের আন্তরিক সমবেদনা রয়েছে। একই সঙ্গে যাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতিও সহমর্মিতা ও প্রার্থনা জানান তিনি।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে থাকবে এবং বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সব জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শুভকামনা জানায়।





