
এম রোমানিয়া, খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় নিখোঁজের প্রায় পাঁচ মাস পর মারুফ নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত মারুফ খুলনা সিটি করপোরেশনের ১৬৭২ নম্বর লাইসেন্সধারী একটি ইজিবাইক চালাতেন। প্রায় পাঁচ মাস আগে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
তদন্তের একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার হরিণটানা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। পরে সন্দেহভাজনের বাড়ির আঙিনায় খনন করে মাটিচাপা অবস্থায় মারুফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে নিহতের ব্যবহৃত খুলনা সিটি করপোরেশনের ১৬৭২ নম্বর নিবন্ধিত ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাড়ির মালিক ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে মারুফকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাড়ির আঙিনায় গুম করার তথ্য দিয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “নিখোঁজের প্রায় পাঁচ মাস পর ইজিবাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।





