
ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প দুটিতে পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ-সংক্রান্ত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ ঢাকার আমিনবাজারে একটি ওয়েস্ট-টু-এনার্জি (বর্জ্য থেকে বিদ্যুৎ) প্রকল্পে বিনিয়োগ করবে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে এ কেন্দ্র থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার আশা করা হচ্ছে। প্রকল্পটি থেকে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানানো হয়।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন হবে।
বৈঠকে আরও জানানো হয়, এই প্রকল্প থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সমপরিমাণ সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা গড়ে দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। পাশাপাশি প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইট উৎপাদন করা হবে। প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন বর্জ্য এ প্রকল্পে ব্যবহৃত হবে।
সরকারের আশা, প্রকল্পটি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





