
এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান
আগামীর পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য খুলনা গড়ে তোলার লক্ষ্যে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বিভাগীয় অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন, খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ ফাহমিদা হক, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী)।
সভায় সভাপতিত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
মতবিনিময় সভায় খুলনার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, আবাসন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা ও মতামতকে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, খুলনাকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি সংস্থা, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কেডিএকে কাজ করার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, খুলনার ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা প্রণয়নে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেডিএ একটি সমন্বিত, বাস্তবসম্মত ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীর খুলনাকে আরও আধুনিক, বাসযোগ্য ও বিনিয়োগবান্ধব নগরীতে পরিণত করতে কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীরা খুলনার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন।





