
খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি। শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার মাদারশি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকার মৃত আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)।
র্যাব-৬ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে ধৃত ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুক্কুর হাওলাদারের পুলিশ ক্লিয়ারেন্স/পূর্ব অপরাধের রেকর্ড (পিসি-পি আর) পর্যালোচনায় পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া ইমরান খানের বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলার তথ্য রয়েছে।
র্যাব-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।





