
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবাহী শ্যালো ইঞ্জিনচালিত ‘লাটাহাম্বা’ গাড়ি উল্টে উজ্জল হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা আরও ১০ জন ব্যবসায়ী আহত হয়েছেন। এছাড়া গাড়িতে বহন করা ৮টি গরুর মধ্যে ২টি গরুও আহত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১১ জন গরু ব্যবসায়ী ৮টি গরু নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত ‘লাটাহাম্বা’ গাড়িতে করে আলমডাঙ্গা গরুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে রায়পুর বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি রাস্তার পাশে পার্কিং করে রাখা দুটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা ব্যবসায়ী ও গরুগুলো গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ধাক্কায় মোটরসাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং লাটাহাম্বা গাড়িটি রাস্তার ওপর উল্টে পড়ে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক উজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ১০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের রহিদুল ইসলাম (৫০), একই গ্রামের রাজা (৪৫), যাদবপুর গ্রামের নাজমুল হক (৪০), মুজিবনগর উপজেলার মনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৫০)সহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী।
দুর্ঘটনায় গাড়িতে থাকা ৮টি গরুর মধ্যে দুটি গরুও আহত হয়েছে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





