
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা গ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্মৃতিসৌধটি বর্তমানে নদীভাঙনের তীব্র ঝুঁকিতে রয়েছে। স্মৃতিসৌধের পাশ দিয়ে প্রবাহিত নদীর ভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করায় জাতীয় এই স্থাপনাটি রক্ষায় দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার্বক্ষণিক তদারকির জন্য জনবল নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধসংলগ্ন নদীর তীর তীব্র স্রোতের কারণে প্রতিনিয়ত ভেঙে পড়ছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ভাঙনের ঝুঁকি আরও বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় নদীভাঙনের কবলে পড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, “মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক এই স্মৃতিসৌধ শুধু মধ্যনগরের নয়, এটি জাতীয় ঐতিহ্যেরও অংশ। অথচ নদীভাঙন ও দীর্ঘদিনের অবহেলার কারণে আজ এটি হুমকির মুখে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে স্থায়ী প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে জাতীয় এই সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক।”
তিনি আরও বলেন, “স্মৃতিসৌধটির সৌন্দর্য, নিরাপত্তা ও সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। পাশাপাশি এলাকাটিকে পর্যটন সম্ভাবনাময় স্থান হিসেবে গড়ে তোলা হলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করবে।”
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, “স্মৃতিসৌধটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেহেতু এটি সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত, তাই এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলা প্রশাসনের। আমরা সুনামগঞ্জের জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানাই, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জাতীয় এই সম্পদটি রক্ষা করা হোক। অন্যথায় একদিন নদীভাঙনের কারণে এই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সচেতন এলাকাবাসীও স্মৃতিসৌধটি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সুদৃষ্টি কামনা করে বলেন, জাতীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি সংরক্ষণে তাঁর কার্যকর উদ্যোগ এলাকাবাসীর প্রত্যাশা। তাদের বিশ্বাস, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণ ও প্রয়োজনীয় সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে নদীভাঙনের হাত থেকে স্মৃতিসৌধটি রক্ষা করা সম্ভব হবে।





