দুই চোখের আলো হারিয়ে ক্যান্সারের সঙ্গে লড়ছে জুনায়েদ, বাবা-মা নেই পাশে

Date:

spot_img

ইমন খান, বাগেরহাট

মাত্র ১০ বছর বয়সেই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি জুনায়েদ হোসেন আলিফ। শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদের পর দুজনই নতুন সংসার গড়ায় নানির স্নেহেই বড় হয়েছে সে। এরই মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে হারিয়েছে দুই চোখের দৃষ্টিশক্তি। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় সাত লাখ টাকা। কিন্তু দরিদ্র নানির পক্ষে সেই অর্থ জোগাড় করা অসম্ভব। তাই শিশুটিকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, মানবিক সংগঠন এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী।বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের বাসিন্দা জুনায়েদ স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। একসময় অন্য সব শিশুর মতোই পড়াশোনা, খেলাধুলা আর স্বপ্নে ভরা ছিল তার ছোট্ট জীবন। কয়েক সপ্তাহ আগে হঠাৎ চোখে তীব্র ব্যথা ও জ্বালাপোড়া শুরু হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে ভয়াবহ ক্যান্সার। অল্প সময়ের মধ্যেই রোগটি তার দুই চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ কেড়ে নেয়।জুনায়েদের জীবনের সংগ্রাম শুরু হয়েছিল জন্মের কিছুদিন পরই। মাত্র দেড় বছর বয়সে বাবা স্বপন সরদার ও মা হিরা বেগমের বিচ্ছেদ হয়। পরে দুজনই আলাদা সংসার গড়েন। এরপর থেকে সন্তানের দায়িত্ব কার্যত কেউই নেননি। সেই সময় থেকে নানি খাইরুল বেগম নিজের সন্তান হিসেবে নাতিকে লালন-পালন করে আসছেন।

অভাব-অনটনের সংসারে ছাগল, হাঁস-মুরগি পালন করেই জীবিকা নির্বাহ করেন খাইরুল বেগম। সেই সামান্য আয় দিয়েই এতদিন নাতির পড়াশোনা, খাবার ও চিকিৎসার খরচ চালিয়ে এসেছেন। কিন্তু ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা এখন তার সামর্থ্যের অনেক বাইরে।

অশ্রুসিক্ত কণ্ঠে খাইরুল বেগম বলেন,জন্মের পর থেকেই নাতিটাকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। ওর বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর দুজনই নতুন সংসার করেছে। এরপর আর কেউ ওর দায়িত্ব নেয়নি। অনেক কষ্ট করে ছাগল ও হাঁস-মুরগি পালন করে এতদিন নাতির সব খরচ চালিয়েছি। কিন্তু এখন চিকিৎসকেরা বলেছেন, ওকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। আমি সমাজের বিত্তবান মানুষ, জনপ্রতিনিধি, প্রবাসী ভাই-বোন এবং সরকারের কাছে হাতজোড় করে অনুরোধ করছি—আপনারা আমার নাতিকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনাদের সামান্য সহযোগিতাই ওর জীবনে নতুন আশার আলো হয়ে আসতে পারে।

স্থানীয় বাসিন্দা সাগর শেখ বলেন,চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, জুনায়েদের অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় সাত লাখ টাকা প্রয়োজন। দরিদ্র নানির পক্ষে এই অর্থ জোগাড় করা অসম্ভব। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং মানবিক সংগঠনগুলোর প্রতি আমাদের আহ্বান—সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

প্রতিবেশী সোহাগ বলেন, জুনায়েদ অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী একটি শিশু। ছোটবেলা থেকেই বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে নানির কাছে বড় হয়েছে। এখন ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে লড়ছে। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে হয়তো আবারও সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

এলাকাবাসীর ভাষ্য, জুনায়েদ শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার সবার আদরের শিশু। তার চিকিৎসার জন্য প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ। সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে শিশুটির চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতে পারে।

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন বলেন, জুনায়েদের বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। ছোটবেলা থেকেই সে বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে নানির কাছে বড় হয়েছে। এখন আবার ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হয়েছে। পরিবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সরকারি নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানাই—সবাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এগিয়ে এলে শিশুটির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

একটি শিশুর জীবন বাঁচানো শুধু একটি পরিবারের স্বপ্ন পূরণ নয়, এটি মানবতারও এক অনন্য দায়িত্ব। সবার আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতাই পারে ছোট্ট জুনায়েদ হোসেন আলিফের জীবনে আবারও আশার আলো ফিরিয়ে আনতে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...