
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৪ হাজার টাকা।
শনিবার (৪ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপি মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী উপজেলার চাপড়া গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





