
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বৈদ্যুতিক তামার তার ও ট্রান্সফরমার চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাই ভাঙারি মালামাল, বিপুল পরিমাণ তামার তার, পিতলের পাত এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর শ্মশানঘাট সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ শামীম হাসানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি হলুদ রঙের ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩১৭ কেজি বৈদ্যুতিক তামার তার, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। এছাড়া ১০৮ কেজি ওজনের ৬৮টি পিতলের পাত, যার মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা এবং ২৯ কেজি লোহা, পিতল ও তামার বিভিন্ন ধরনের পাইপ, যার মূল্য প্রায় ১৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত হলুদ রঙের ট্রাকটিও জব্দ করা হয়।
এছাড়াও ট্রাক থেকে অ্যালুমিনিয়াম, সিলভার, পিতল, কাচসহ বিভিন্ন ধরনের ভাঙারি মালামাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় চোরচক্রের সক্রিয় সদস্য মো. আলী নুর (৪২), পিতা- মৃত সাহেব আলী, গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার রহমতপুর এবং বর্তমানে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকায় বসবাসকারী, এবং সাগর মিয়া (৩০), পিতা- বকুল মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাজ গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত হলুদ রঙের ট্রাকটিও জব্দ করেছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বৈদ্যুতিক তামার তার, ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও অন্যান্য মূল্যবান ধাতু চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





