
তুহিন ফরাজী, ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনা মিয়া পণ্ডিত বাড়িতে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া পণ্ডিত বাড়ির বাসিন্দা মোঃ আবুল কালাম (পিতা: মোফাজ্জল হোসেন) ও মৃত মোঃ মোশাররফ হোসেন (পিতা: মোফাজ্জল হোসেন) বাড়ির পাশের বাগানে সুপারি গাছ কাটার কাজ করছিলেন। এ সময় কাটা সুপারি গাছের অংশ পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, অসাবধানতার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করার সময় বিদ্যুৎ লাইনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।





