
পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।
মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং নির্বাচন কমিশন এ লক্ষ্যে কাজ করছে।
এদিকে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)-এর প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চসংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ ব্যবস্থার আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
অন্যদিকে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।
জেলা পরিষদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা ওই জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।





