
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে ২৯ বিজিবি। উদ্ধার করা এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
শনিবার (২৭ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর বিওপি দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ওই নেশাজাতীয় ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
২৯ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে এবং মাদক ও চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি জড়িতদের আটকে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান থাকবে।





