মডেলিং থেকে অভিনয়, নিজের স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছেন জুবাইদা জারা

0
8
‎
‎ ‎

ফ্যাশনের প্রতি ভালো লাগা থেকে শুরু, আর সেই ভালো লাগাকেই পেশাগত পরিচয়ে রূপ দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তরুণ মডেল জুবাইদা জারা ফাল্গুনী। টেলিভিশন ও বিলবোর্ডে মডেলদের দেখে একসময় নিজের মধ্যেও তৈরি হয়েছিল এমন একটি জায়গা করে নেওয়ার আকাঙ্ক্ষা। সময়ের সঙ্গে সেই স্বপ্নের পথে হাঁটতে শুরু করেন তিনি। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের অবস্থান তৈরি করতে চান ফাল্গুনী। একই সঙ্গে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্নও দেখছেন তিনি।
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা জুবাইদা জারা ফাল্গুনীর। ছোটবেলা থেকেই সাজগোজ ও ফ্যাশনের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। তবে মিডিয়ায় কাজ করার সুযোগ আসে ধীরে ধীরে। নতুন করে ফেসবুক ব্যবহার শুরু করার পর নিজের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন তিনি। ছবিগুলোতে বন্ধু ও অনুসারীদের ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে আরও উৎসাহিত করে। একপর্যায়ে কয়েকজন ফটোগ্রাফার তাঁর সঙ্গে যোগাযোগ করে ফটোশুটের আগ্রহ প্রকাশ করেন। সেখান থেকেই মডেলিংয়ে যাত্রা শুরু।

শুরুতে ফটোশুটের অভিজ্ঞতা অর্জন করলেও ধীরে ধীরে ফ্যাশন ও সৌন্দর্যচর্চাসংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে কাজের সুযোগ তৈরি হয় তাঁর। আনজারা, জে কে ফরেন ব্যান্ড এবং দ্য পার্পেল বাই জাজের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৬-এ অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক একদিনের মাস্টারক্লাসেও কাজের অভিজ্ঞতা হয়েছে তাঁর। এ ছাড়া ফিলিপাইনের হেয়ার এক্সপার্ট ও স্টাইলিস্ট অ্যাঞ্জেলাস হাভিয়ের জাস্টিনিয়ানির মডেল হিসেবেও কাজ করেছেন ফাল্গুনী।

বিউটি ও ফ্যাশনভিত্তিক আয়োজনেও রয়েছে তাঁর অংশগ্রহণ। সেলিনা মনির ব্রাইডাল মাস্টারক্লাসে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। শাহিদা’স বিউটি ওয়ালেটের একটি মেকআপ ওয়ার্কশপে র‍্যাম্প মডেল হিসেবে অংশ নেওয়ার পাশাপাশি বিজিএমইএ টেক্সটাইল ফেস্ট বাংলাদেশে ফ্যাশন শোতেও মডেল হয়েছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের কাজের পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন ক্ষেত্রেও নিজেকে প্রস্তুত করতে চান তিনি।

শুধু মডেলিং কিংবা অভিনয় নয়, নিজের উদ্যোগেও স্বাবলম্বী হওয়ার প্রত্যয় রয়েছে ফাল্গুনীর। ‘আইজা ফ্যাশন বাই জারা’ নামে তাঁর একটি পোশাকের ব্যবসা রয়েছে। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। নিজের পরিচিতি ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করাও তাঁর অন্যতম লক্ষ্য। তাঁর কাছে সাফল্য মানে শুধু নিজের অবস্থান তৈরি করা নয়, বরং সেই অবস্থান কাজে লাগিয়ে অন্যদের পাশেও দাঁড়ানো।

জুবাইদা জারা ফাল্গুনীর পথচলায় পরিবারের সমর্থন, মায়ের দোয়া এবং নানা-নানির ভালোবাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানা-নানির প্রতি দায়িত্ববোধও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় অংশ। তাঁদের পাশে থেকে দায়িত্ব পালন করতে চান তিনি। ব্যক্তিগত স্বপ্ন, পারিবারিক দায়িত্ব ও নিজের উদ্যোগ—সবকিছুর সমন্বয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা এই তরুণীর। মডেলিং ও অভিনয়ে নিজের দক্ষতা তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও পরিচিতি গড়তে চান জুবাইদা জারা ফাল্গুনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here