বালুখেকোদের থাবায় কৃষকের জমি, বছরে কোটি টাকার ফসল উৎপাদন এখন শঙ্কায়,গোয়াইনঘাটে দুই গ্রামের মানববন্ধন

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,আব্দুল মহল গ্রামের আফজল, সয়ফুল এবং পুকাশ গ্রামের আব্দুল আমীন ও ফারুকের নেতৃত্বে একটি প্রভাবশালী বালু খেকো চক্র দীর্ঘদিন ধরে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীব্র ভাঙনে হাতির পাড়া ও পুকাশ গ্রামের শত শত একর ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, এ এলাকায় বছরে কোটি কোটি টাকার তরমুজ, ফরাস ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন হয়। এখানকার কৃষিনির্ভর বহু পরিবারের জীবিকা এসব ফসলি জমির ওপর নির্ভরশীল। কিন্তু অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনে একের পর এক কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে। এতে কৃষকরা একদিকে যেমন জমিহারা হচ্ছেন, অন্যদিকে আবাদি জমি কমে যাওয়ায় কৃষিপণ্য উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফলে স্থানীয় কৃষকরা কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

বক্তারা বলেন, এভাবে অব্যাহতভাবে বালু উত্তোলন চলতে থাকলে অদূর ভবিষ্যতে এলাকার বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, স্থানীয় কৃষি অর্থনীতিতেও এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, ‘অবৈধ বালু খেকোদের আগ্রাসনে আমাদের এলাকার কৃষকেরা আজ দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ

বাগেরহাট প্রতিনিধি স্থানীয়ভাবে উৎপাদিত মাছ, সবজি, ফলসহ বিভিন্ন পচনশীল পণ্য...

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রলীগের...

সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ

কয়রা (খুলনা) প্রতিনিধি সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানা ভাই বাহিনীর প্রধানসহ...

‎পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ

‎ ‎রংপুর ব্যুরো ‎ ‎রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমিতে থাকা প্রায়...